বুধবার, ১১ এপ্রিল, ২০১২

ক্যালিগ্রাফির ক্লাস...........পর্ব তিন




প্রত্যেকটি লেখা, সেটা ধর্মীয় কিংবা সেক্যুলার যাই হোক, পাঠকের কাছে একটি বার্তা নিয়ে আসে। তা হচ্ছে, কে এটা লিখেছে! লেখার বাহ্যিক এবং অন্তরনিহিত আবেদন পাঠককে লেখক সম্পর্কে হৃদয়ে একটি চিত্র দাড় করিয়ে দেয়। একটি লেখা যদি সরাসরি হাতের লেখা হয় আর তাতে শিল্পরস সমৃদ্ধ হয়। পাঠক তাতে আপ্লুত হয়।

আরবি ক্যালিগ্রাফিতে কোন সে আকর্ষণীয় উপাদান রয়েছে যাতে পাঠক মোহগ্রস্ত হয়ে পড়ে। কুরআনের অবতীর্ণ প্রথম শব্দটি হচ্ছে "পড়!" এর দ্বারা একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝা যায়। পৃথিবীকে এবং স্বর্গকে পড় চিহ্ন হিসেবে। আপনি প্রথমেই এবং অবশ্যই আগে একজন পাঠক, তারপর বিশ্বাসী।

ক্যালিগ্রাফিকে তাই রেখার আর্ট হিসেবে প্রথমে বিবেচনা করা হয়। আমরা ক্যালিগ্রাফি শব্দটাকে এখানে এভাবে ব্যাখ্যা করতে পারি- এটা এমন একটি শিল্পকলা, যা অত্যন্ত সচেতন, গুরুত্ব দিয়ে নির্দিষ্ট জ্যামিতিক এবং অলংকারিক আইন প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছে। ভাষার উপাদানগুলোকে দৃশ্যমান রেখায় তা এমনভাবে ফুটিয়ে তোলা হয়, যেন হৃদয়ে তা অজান্তে দোলা দিয়ে যায়।

উপরের ছবিটি আরবি শব্দ "কালিমা"। এর অর্থ- শব্দ। ১৪-১৫ শতকে এ ধরণের লিপির ব্যাপক ব্যবহার দেখা যায়। এখানে যেটা আছে, তা অবশ্য আমার নিজের হাতে লেখা। একে 'ফুলেল কুফি' বলে। হরফের প্রান্তগুলো লতা-পাতা এবং ফুল শোভিত করার যে প্রচেষ্টা দেখা যায়। এতে সুক্ষ্মভাবে শিল্পকলার রীতিগুলো ব্যবহার করা হয়েছে। এতে খাগ বা কঞ্চির কলম আর কালি দিয়ে শুধু রেখার যে গতিপ্রকৃতি ফুটিয়ে তোলা হয়েছে তুলির ব্যবহারে তা সম্ভব নয়।

নান্দনিকতা বলে শিল্পকলায় যে বিষয় রয়েছে। সেখানে পটভূমির প্রেক্ষিতে মূল বিষয়কে আকর্ষণীয় করে স্থাপন করাটাই সার কথা।

বাঙলা ক্যালিগ্রাফিতে সেই কাজটি এখনও আমরা সেভাবে করে উঠতে পারিনি।




 ----------------------------------------------------------
আগের পোস্ট

ক্যালিগ্রাফির ক্লাস............পর্ব এক

ক্যালিগ্রাফির ক্লাস...........পর্ব দুই

 

ক্যালিগ্রাফির ক্লাস...........পর্ব দুই





আমরা ক্যালিগ্রাফির বিষয় জানতে গিয়ে দেখি হরফ বা অক্ষরকে শিল্প এবং একটা নীতিমালার সংমিশ্রনে গড়ে তোলা হয়েছে। আরবি কিংবা বাঙলা যে ভাষাই হোক না কেন, হরফের কাঠামোকে শিল্প সম্মত করে প্রকাশের প্রচেষ্টা করেছেন শিল্পীরা।

বাঙলা হরফের বিষয়ে বর্তমান কম্পিউটারে যে সুতন্বি ফন্ট দেখছি, তার নাম ছিল তন্বি। '৮০ দশকে প্রথমে বাংলাদেশে কিভাবে মোস্তফা জব্বার এটা করলেন, সে বিষয়টা নিয়ে একটু বলি। মোস্তফা জব্বার নিজে আর্টিস্ট নন এবং হাতে-কলমে এটা করার সুযোগ তার ছিল না। বাঙলা হরফ তৈরির জন্য তিনি শিল্পী হামিদুল ইসলামকে(চারুকলার শিল্পী হামিদ ভাই না) সাথে নিয়ে কাজ শুরু করেন। হামিদুল ইসলামের বাঙলা হাতের লেখা চমৎকার এবং বাঙলা হরফ নিয়ে তিনি কাজ করেন।

যখন এটা করা হয়েছিল তখন ইনপুট ব্যবস্থা এখনকার মত ভাল ছিল না। হামিদুল ইসলাম বাঙলা হরফের লেআউট করে দিতেন। সেটা দেখে স্ক্রিনে অনুমান করে পাথ (ফটোশপে পেন টুল দিয়ে রেখার মাধ্যমে অক্ষরের আউটলাইন দেয়া) করে প্রিন্ট করে আবার সেটা ঠিক করা হত। এতে হরফের আকৃতি শিল্পীর মনমত এবং শিল্পসম্মত করা খুবই কঠিন ছিল। একপর্যায়ে হতাশ হয়ে এটা করা বন্ধ হয়ে যায়। এরপর হামিদুল একটি উপায় বের করেন। মজার বিষয় হচ্ছে ইনপুট জিনিসটা কি, মোস্তফা জব্বার সেটা তখন জানতেন না। আর স্ক্যান করার যন্ত্রও তাদের ছিল না।

উপায়টি হল- হামিদুল একটি সেলোফেন পেপারে মনিটরের মাপ মত হরফ লিখতেন। এরপর সেটা মনিটরের ওপর কসটেপ দিয়ে সেটে দিয়ে পাথ করা হত। এতে হরফের আকৃতিতে যথার্থ রূপটি এসে যায়। এভাবে তন্বি ফন্ট হয়।

হামিদুল এটার আদর্শ হিসেবে রোমান হরফের (রেগুলার) মাপকে গ্রহণ করেন। হরফের ভেতর মাপ ও চোখে ভাল লাগার জন্য বিভিন্ন কারিগরি বিষয় আছে, যেটা বেশ জটিল। বর্তমানে হরফকে একটি নীতিমালার ভেতর ফেলে গঠন করা হয়।



কিন্তু বাংলাদেশে ক্যালিগ্রাফিক বাঙলা অক্ষর এখনও সেভাবে গড়ে ওঠেনি। তবে চেষ্টা চলছে।



আরবি হরফে প্রথম দিকে যে কুরআন লেখা হয়েছিল। সে লিপির নাম কুফি। তৃতীয় খলিফা ওসমান বিন আফফানের হাতে লেখা কুরআনের একটি পাতা দেখেন।



আর বর্তমানে সৌদি আরবের কুরআন কমপ্লেক্সের প্রধান ক্যালিগ্রাফার ওসমান তাহা'র হাতে লেখা কুরআনের পাতা। এটি নাশখ(কপি করা) লিপিতে লেখা।



কিন্তু ক্যালিগ্রাফির এখন প্রাধান লিপি হচ্ছে সুলুস(এক তৃতীয়াংশ)। এর শৈল্পিক বৈশিষ্ট্য অসাধারণ।



এলিপির স্বতন্ত্র হরফ কেমন, সেটা দেখেন।



আরবি হরফ ২৮টি। কিন্তু মুল কাঠামো ১৮টি। আর প্রাথমিক হরফ ৩টি। আলিফ, বা এবং নুন থেকে বাকী হরফের আকৃতি গঠন করা হয়েছে। এছাড়া নোকতা বা ডট ব্যবহার করে হরফ বাড়ানো হয়েছে। এখানে নোকতা বাড়িয়ে হরফ আলাদা করার একটি ছবি দেখেন।



আরবিতে একটি হরফ শব্দের প্রথমে, মধ্যে এবং শেষে বসলে চেহারা পাল্টে যায়। এখানে ফা হরফটির রূপান্তর কেমন হয় দেখা যাক।



সুলুস লিপির একটি ক্যালিগ্রাফি



আরবি হরফ বিভিন্ন ভাষার লিপি হিসেবে ব্যবহার হয়ে থাকে। পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষা লেখা হয়ে থাকে লাতিন হরফে। এরপরেই আরবি হরফের স্থান। ফারসী, ওসমানীয় তুর্কি, উর্দু, মালে, দারি, কুরদিস, পস্তু, বালুচী, কাশ্মীরী, সিন্ধী, ইথোপিয় প্রভৃতি ভাষা আরবি হরফে লেখা হয়ে থাকে।

আরবি হরফকে এত সুন্দর এবং দৃষ্টি নন্দন দেখানোর রহস্য হচ্ছে- এর বাহ্যিক গঠনে নমনীয়তা এবং চর্বিহীন ধারাল শরীর, আর সচল ভঙ্গী। হরফ দেখলে মনে হয়, এটি চলছে। এই গতিশীলতা দৃষ্টিকে ক্রমশ সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর তাল-লয়-ছন্দকে এতে খুব সচেতনভাবে জুড়ে দেয়া হয়েছে। এছাড়া অলঙ্কারের ব্যবহার একে আরো রূপবতী করে তুলেছে।



চলবে-

ছবি- নেট থেকে।


----------------------------------------------------------
আগের পোস্ট

ক্যালিগ্রাফির ক্লাস............পর্ব এক

শনিবার, ৭ এপ্রিল, ২০১২

কুফি কুরআন


দার কুতুব আল দোহা, কাতারে সংরক্ষিত ওসমানিয় কুরআনের একটি পাতা, কুফি লিপিতে লেখা।সুরা আনআমের একটি পাতা।






কুফি মায়েল-এ লেখা কুরআনের একটি পাতা। এটি ৮ম শতাব্দির দ্বিতীয় ভাগে লেখা। সুরা নুরের একটি পাতা।



লিপিটির নাম-বাহরি লিপি(সাগর লিপি)।
এর অন্য নাম বিহারি লিপি(ভারতের বিহারে ১৪ শতকে এলিপিতে প্রচুর কুরআন কপি হত)।

বুধবার, ৪ এপ্রিল, ২০১২

জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছিলেন যিনি....




একজন আর্টিস্ট যখন দৃষ্টিপাত করেন, হৃদয়ের জানালা দিয়ে তখন বহুদূর তিনি দেখতে পান। শিল্পী মনের ক্যানভাসে ফুটিয়ে তোলেন শিল্প সুষমা। সৃষ্টির শুভ্র নিটোল আর দীপ্ত আকাশ যেন প্রতিভাত হয় তুলির নিপুন আচড়ে।



বাংলাদেশের একজন নিভৃতচারী শিল্পী সাইফুল ইসলাম। তিনি একান্ত আড়ালে তার শিল্প সাধনা করে চলেছেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হৃদয়ের মনিকোঠায় প্রগাঢ় ভালবাসায় জড়িয়েছেন। তাই বঙ্গবন্ধুর অনেক পোর্ট্রটসহ লাইফ সাইজ প্রতিকৃতিও এঁকেছেন।

লালনের কুষ্টিয়ায় এই প্রতিভাবান লিজেন্ড শিল্পীর জন্ম ১৯৪৬ সালে। ছোটবেলায় প্রজাপতির ওড়াউড়ি, কাশবনের মাতাল হাওয়া তাকে মগ্নতায় আবিষ্ট করে তোলে। ছবি আঁকার মাঝে তিনি প্রকৃতির সুর খুজতে প্রয়াস পান। মানবের মুখাবয়ব তাকে কৌতুহলী করে তোলে। ধীরে ধীরে তিনি পোর্ট্রেট আঁকায় সিদ্ধহস্ত হয়ে ওঠেন।

১৯৬৯ রাজশাহী বিশ্বিবদ্যালয়ে এম কম পড়ছিলেন। কিন্তু ছবি আঁকার অদম্য ইচ্ছাটাই তাকে ঢাকায় আসতে বাধ্য করে। বছরখানেক চাকুরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। কিন্তু মন মানেনা। চাকরি ছেড়ে পুরোপুরি ছবি আঁকায় মনোনিবেশ করেন।

তার জীবনে অনুপ্রেরণা আর বড় ধরণের পরিবর্তন আসে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সান্নিধ্যে এসে। একবছরের মধ্যে তিনি বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি অঙ্কন করেন।



১২ ফেব্রুয়ারি ১৯৭৩ সালে দৈনিক বাংলা পত্রিকায় একটি রিপোর্ট ছাপা হয়-


বঙ্গবন্ধু সকাশে শিল্পী সাইফুল ইসলাম

কুষ্টিয়ার প্রতিভাবান শিল্পী জনাব সাইফুল ইসলাম গত শনিবার এক ঘরোয়া পরিবেশে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে শিল্পীর নিজের হাতে আঁকা বঙ্গবন্ধুর এই তৈল চিত্রটি উপহার দেন। ছবিটি আঁকতে শিল্পীর ১৫ দিন সময় লাগে।

জনাব সাইফুল ইসলাম গত ১৯৬৭ সালে কুষ্টিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। যে কোন মানুষের তৈল চিত্র অঙ্কনে শিল্পীর একটি স্বকীয় ভঙ্গী আছে।


বঙ্গবন্ধুর স্নেহধন্য এই মহান শিল্পী সারা জীবন ধরে শিল্প চর্চা করেছেন। তিনি বাংলার নিসর্গ এঁকেছেন নিজস্ব রীতিতে। চিরায়ত বাংলার রূপ সৌন্দর্য তার দক্ষ হাতে জীবন্ত হয়ে ওঠে। তিনি শিল্পের টানে রাশিয়া সফর করেছেন। পরে বহু দেশ ভ্রমণ করেছেন তিনি।

তার বিশেষ আগ্রহ ক্যালিগ্রাফি অঙ্কনে। তার অসংখ্য ক্যালিগ্রাফি শিল্পকর্ম দেশে বিদেশে সংগৃহীত হয়েছে। বিশেষ করে বাংলা ক্যালিগ্রাফিকে তিনি নতুন মাত্রা দিয়েছেন। এছাড়া স্টিল লাইফ, ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট আঁকায় তার সুখ্যাতি রয়েছে।

এই শিল্পীর বিশাল শিল্পকর্মের ভাণ্ডার সংরক্ষন করা প্রয়োজন।



_______________________________________________________
শিল্পীর কাজগুলো নিয়ে আলাদা লেখার ইচ্ছে আছে।

রবিবার, ১ এপ্রিল, ২০১২

ক্যালিগ্রাফির ক্লাস.....পর্ব এক





ক্যালিগ্রাফির বিষয়ে আগ্রহ ধীরে ধীরে বেড়ে চলেছে। পৃথিবীতে সভ্যতার বাহন হচ্ছে লিপি। এক সভ্যতা থেকে অন্য সভ্যতার সংযোগ, সম্পর্ক, জ্ঞান ও সংস্কৃতির সেতুবন্ধন লিপির প্রধান কাজ।

পৃথিবীতে দৃশ্যমান শিল্পকলার আদি উৎস লিপি। আর লিপিকে শিল্পে রূপ দানের ভেতর লুকিয়ে আছে সভ্যতার ঐতিহ্যকথা।

বিভিন্ন ভাষার ক্যালিগ্রাফি রয়েছে। তবে রূপ-মাধুর্য্যে আরবি ক্যালিগ্রাফির তুলনা মেলা ভার!

প্রশ্ন হল- আরবি ক্যালিগ্রাফি জিনিসটা কি?


আরবি ক্যালিগ্রাফির একটি নমুনা।

আরবি ক্যালিগ্রাফির পরিচয় এভাবে দেয়া যেতে পারে- আরবি হরফ বা টেকসট ব্যবহার করে চমৎকার লেখন শিল্পকে আরবি ক্যালিগ্রাফি বলে।

আরেকটা কথা, ক্যালিগ্রাফি শব্দটা ইংরেজি। এটা গ্রীক শব্দ ক্যালিগ্রাফিয়া থেকে এসেছে। গ্রীক শব্দ ক্যালোস এবং গ্রাফেইনের মিলিত রূপ ক্যালিগ্রাফিয়া। ক্যালোস=সুন্দর, আর গ্রাফেইন=লেখা।

ক্যালিগ্রাফিকে আরবিতে বলে খত আল আরাবি। তুর্কিতে বলে হাত। আর ফারসিতে খোশ নবিসী।

আরবি ক্যালিগ্রাফিকে আবার ইসলামী ক্যালিগ্রাফিও বলে। কারণ, এটা প্রথম মার্জিত ও উন্নত হয় ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন লিপিবদ্ধ ও অনুলিপি করার মাধ্যমে। ইসলামী বিশ্বে একে দৃশ্যমান শিল্পকলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাবান উপাদান হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে, এই আর্ট ফর্মকে বিভিন্ন দেশ, ভাষা এবং ধর্মের লোকেরা আনন্দচিত্তে গ্রহণ এবং চর্চা করে চলেছেন।


"Islam has exerted also a more subtle, a more indirect influence on the development of calligraphy: by discouraging the graphic representation of human beings and animals it channeled the creative energies of Muslim artists toward other decorative arts, especially calligraphy."

From: Al-Baba, Kamel. "Calligraphy: A Noble Art." Saudi Aramco World, 15:4: 1-7. July/August 1964.



আরবি স্ক্রিপ্ট ক্যালিগ্রাফি কি?

আরবি স্ক্রিপ্ট ক্যালিগ্রাফির একটি নমুনাচিত্র

বইপত্র, নথি, ফরমান, মানপত্র ইত্যাদি কাগজের ওপর আরবি হরফে যে ক্যালিগ্রাফি করা হয়, সেটাই আরবি স্ক্রিপ্ট ক্যালিগ্রাফি।

এবার প্রশ্ন হতে পারে, ক্যালিগ্রাফি আর হ্যাণ্ড রাইটিং বা হাতের লেখার ভেতর কি পার্থক্য আছে?

ক্যালিগ্রাফি হ্যাণ্ড রাইটিং থেকে আলাদা এজন্য যে, ক্যালিগ্রাফি একই সাথে শিল্পতৃষ্ণা এবং আটপৌরে জীবনের প্রয়োজন মেটায়।

অন্যদিকে, হ্যাণ্ড রাইটিং হচ্ছে যোগাযোগ বা শুধু প্রয়োজনকে তুলে ধরে। নন্দন বা সৌন্দর্য সেখানে গৌণ।


হাতে লেখা একটি অভিধানের পাতা

ক্যালিগ্রাফি চর্চাকরা হয় এর ভেতরের সৌন্দর্য এবং অন্তরনিহীত শিল্পকে তুলে ধরতে।

ক্যালিগ্রাফি এবং হ্যাণ্ড রাইটিংয়ের মধ্যে আরেকটা মৌলিক পার্থক্য হচ্ছে, উপায় উপকরণের ভিন্নতা। ক্যালিগ্রাফি করার জন্য বিশেষভাবে তৈরি কলম ব্যবহার করা হয়। আর সাধারণ লেখায় যে কোন কলম হলেই চলে।


আরবি ক্যালিগ্রাফি করার কলম

ক্যালিগ্রাফি কলমকে 'কলম খাশাব' এবং 'কলম বুস' বলে।

ক্যালিগ্রাফি করার জন্য বিশেষ কিছু নিয়ম এবং পদ্ধতি মেনে চলতে হয়। যেমন একটি লিপিতে অলঙ্কার ব্যবহার হয় আবার দেখা যায় আরেকটি লিপিতে তা নিষিদ্ধ এবং আকার-আকৃতি একেক লিপির একেক রকম।

ক্যালিগ্রাফির লিপির মধ্যে এই বৈচিত্র এসেছে সংস্কৃতি, ধর্ম এবং শিল্পবোধের প্রাত্যাহিক চর্চার মাধ্যমে।


চলবে-

ছবি-নেট থেকে

শনিবার, ৩১ মার্চ, ২০১২

কাজল দিঘীর টানে....


গ্রীষ্মের ছুটি।

হাইস্কুল ভবন আর হোস্টেল নিরব নিথর হয়ে গেছে। খেলার মাঠটা যেন আরো বেশি শুন্যতায় ছেয়ে আছে।
বিকেলে মাঠে যাই। উপলক্ষ মাঠের ওপারের একটি জানালা। না, সেখানে কোন সাড়া নেই। মধুমাস উদযাপনে সপরিবার গ্রামে গেছেন স্যারেরা।

আমার তবু ভাল লাগে একা মাঠের পাশে ঘন দুর্বাঘাসের চাদরে শুয়ে বিকেলটা কাটিয়ে দিতে। কিন্তু কত দিন আর! দু'তিন দিন পার হতেই অধৈর্য হয়ে পড়ি। প্রতিক্ষার ক্ষণ যে কত দুর্বিসহ, তা হাড়ে হাড়ে টের পাচ্ছি।

বাসায় কেন জানি বিষয়টা ফাস হয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু কেউ কিছু বলে না। একটা গুমট অবস্থা। অবশেষে দূরছাই বলে এক সকালে ক্যানভাসের ব্যাগটা কাধে ঝুলিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য টুঙ্গিপাড়া পার হয়ে মধুমতির তীরে এক ছায়াঘেরা সবুজে মোড়ানো পাখি ডাকা কাজল দিঘীর গাঁও।



রূপসার ঘোলা জলে সাদা ফেনা ছড়িয়ে ফেরি এগিয়ে চলেছে। রেলিং ধরে দূরে তাকিয়ে আছি। বাতাসে চুল এলোমেলো করে দিয়ে যাচ্ছে। নিমগ্নতায় ক্রমশ তলিয়ে যাচ্ছি। মনে হচ্ছে দূরাগত বাতাস কী যেন কথার আভাষ ফিসফিসিয়ে বলে গেল। আমি কি সেই কথা শুনতে পেলাম। বরিশালের মঠবাড়িয়ার কোন এক তাল-তমালে ঘেরা বাড়ির অন্দরমহলের পুকুরের শান বাধানো ঘাটে বসে আছে এলো চুলের এক কিশোরী। তার হৃদয় জুড়ে ডাহুকের একটানা আকুলি ঝরে পড়ছে। মন তার পড়ে আছে ফেলে আসা যত আবিররাঙা ঘটনায়।

নারকেল তেলের সুবাস এসে চৈতন্যে আঘাত করে। আমি ফিরে তাকাই। পাশে একদল কিশোরী হল্লা করছে। ষাট গম্বুজ আর খাঞ্জেলি দিঘী ওদের গন্তব্য। অভিভাবকেরা তাড়া দিচ্ছেন, ফেরি ঘাটে ভেড়ার সময় আচমকা ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সবাই শক্ত করে রেলিং ধরে যেন দাড়ায়।

এপারে আগে ট্রেন ছিল। ফকিরহাট নেমে মোল্লাহাট হয়ে বহুবার গিয়েছি। এখন ট্রেন নেই। লক্কড় মার্কা বাসে হুড়োধাক্কা খেতে খেতে মোল্লাহাট চলেছি। ফকিরহাটে রাস্তার দুপাশে পানের বরজ। সাপের মত রাস্তা। কোথাও খুব খারাপ অবস্থা। গাড়ি খাবি খেতে খেতে এগিয়ে চলছে হাটার গতিতে। ভেতরে আমরা দলাই-মলাই হচ্ছি। এরমধ্যে দেখি হুটহাট করে শিয়াল, বেজি, বনবিড়াল রাস্তা পার হয়ে জঙ্গলে হারিয়ে যাচ্ছে। প্রায় পাঁচ ঘন্টার এডভেন্চারে শরীরে প্রচণ্ড ব্যথা হয়ে গেল। মোল্লাহাট গিয়ে তারপর লঞ্চে টুঙ্গিপাড়ার পাটগাতি ঘাটে নামতে হবে। সেখান থেকে হাটা পথে কাজল দিঘীর গাঁও।

কপাল মন্দ। লঞ্চ ফেল করেছি।

এবার হাটা ছাড়া উপায় নেই। আমরা দল বেধে রওনা দিলাম। পথে অচেনা বাড়িতে বাড়িতে খই-গুড়-পানি খেলাম।
তিন ঘন্টার মত হাটতে হল। অবশেষে মিঠের কুল গাঁওয়ের দেখা মিলল।

বাড়িতে ঢুকতেই মামাত বোনটা দৌড়ে এসে ঝাপিয়ে পড়ল। চেচিয়ে বাড়ি মাথায় তুলল। ওমা...দাদা এসেছে! কী মজা! কী মজা!

আনন্দের অতিশয্যে সে ভুলে গেছে যে এখন সেও বড় হয়ে গেছে। সেই কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে গেল। তারপর আমায় আষ্টেপিস্টে জড়িয়ে থাকা তার লাউলতার মত হাতদুটোর বাধন খুলে পালিয়ে গেল।

আমি হতভম্বের মত দাড়িয়ে রইলাম।

চলবে-

পর্ব এক
পর্ব দুই
পর্ব তিন
পর্ব চার
পর্ব পাঁচ

ছবি-নেট থেকে

শুক্রবার, ৩০ মার্চ, ২০১২

হোসেনী দালানে দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি


রাজধানী ঢাকার গোড়াপত্তন ১৬০৮ খৃস্টাব্দে সুবাদার ইসলাম খানের হাতে। এই ঢাকায় দু'বছর সম্রাট জাহাঙ্গীর কাটিয়ে গেছেন। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা ঢাকায় থেকে দীর্ঘকাল সুবাদারি করেছেন বাঙলার। ঢাকার ঐতিহ্য পরতে পরতে ছড়িয়ে আছে।

পুরান ঢাকার নিমতলীর পাশে একটি প্রাচীন স্থাপনা হোসেনী দালান (হুসাইনী দালান, ইমামবাড়া)। শাহ সুজার নিজামতের নেওয়াড়ের দারোগা মীর মুরাদ ১০৫২ হিজরি মোতাবেক ১৬৪২ খৃস্টাব্দে এই ইমারতটি নির্মাণ করেন।


প্রসিদ্ধি আছে যে, মীর মুরাদ এক রাতে স্বপ্নে দেখেন হযরত ইমাম হুসাইন রা. একটি ইমামবাড়া(শোকাগার) তৈরি করেছেন এবং তিনি মীর মুরাদকেও নির্দেশ দেন যেন তাঁর স্মৃতিরূপে একটি ইমামবাড়া তৈরি করা হয়। এ স্বপ্ন দেখার পরের দিন মীর মুরাদ এ ইমামবাড়া নির্মাণ শুরু করেন এবং সদিচ্ছা নিয়ে তিনি এর নির্মাণ কাজ সম্পন্ন করেন।

এটি একটি অত্যন্ত মনোরম দ্বিতল ভবন। এতে দুটি মিনার, দক্ষিণ দিকে বারান্দার নিচে একটি প্রশস্ত জলাশয়, উত্তর দিকে একটি প্রশস্ত মাঠের পর দেউড়ি(ছাদযুক্ত প্রধান তোরণ) এবং দ্বিতল নহবতখানা, পশ্চিমে তাজিয়া প্রভৃতির ঘর। এর সাথে একটি দ্বিতল আলাদা ঘরে পুলিশের সেকশান। চারদিকে ঘেরার দেয়ালএবং দক্ষিণ দিকেও একটি দেউড়ি।


১৯০৪ সালে হোসেনী দালানের দক্ষিণ ভিউ

মহররম মাসে এসব দেয়ালের তাকের ওপর প্রদীপ দিয়ে আলো জ্বালানো হয় এবং দালানের ওপর মেহরাব ও মিনারের ওপর আয়নার ঢাকনা লাগিয়ে আলো জ্বালানো হয়। এতে দালানের মর্যাদা বৃদ্ধি পায় এবং দেখতেও সুন্দর লাগে। মীর মুরাদের পর ঢাকার নায়েব-ই নাযিমগণ এ ইমামবাড়ার মুতাওয়াল্লী থাকেন। তারা এর ব্যয় বাবদ নিজামত(সরকারি কোষাগার) থেকে বছরে আড়াই হাজার টাকা খরচ বরাদ্দ করেন। যা আজকাল সরকার থেকে পাওয়া যায়। ব্যবস্থাপনার জন্য একজন দারোগা নিযুক্ত থাকেন এবং অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে কাজকর্ম সমাধা হয়।

১৮৯৭ খৃস্টাব্দের ভূমিকম্পে এ বাড়ির অধিকাংশ ভেঙ্গে পড়ে গেলে ঢাকার নওয়াব স্যার আহসান উল্লাহ বাহাদুর আনুমানিক এখলাখ টাকা ব্যয়ে তা নতুনভাবে নির্মাণ ও মেরামত করে দেন।

হুসাইনী দালানের শিলালিপির অবিকল বর্ণনা নিম্নরূপ:
" দর জমানে পাদশাহ ব ওকর----ইন আজিমশ শানে শাহ ন মদার
সাখতে আয়ে ম ছেওয়া সাইয়েদ মুরাদ----দরসনে পানজ অ দর ছার একে হাজার সানাত হিজরি ১০৫২"

ফারসী থেকে অনুবাদ- ওই মর্যাদাবান পরাক্রান্ত ও প্রসিদ্ধ বাদশাহের আমলে সৈয়দ মুরাদ এক হাজার বায়ান্ন সালে এই শোকাগারটি নির্মাণ করেন।১০৫২ হিজরি।


১৯১০ সালে মারা যাবার আগে মুনশী রহমান আলী তায়েশ তার রচিত জীবনের শেষ প্রামান্য গ্রন্থ 'তাওয়ারিখে ঢাকা'য় হোসেনি দালান সম্পর্কে এ বর্ণনা লিখে গেছেন।

এরপর নানান চড়াই উতরাই পেরিয়ে আশির দশকে এর অবস্থা বেশ খারাপ হয়ে পড়ে। ১৯৯৫ সালে মেয়র হানিফের সময়ে পুকুরসহ এর ব্যাপক সংস্কার হয়। ২০১০ সালে এসে এর সৌন্দর্য বর্ধনের কাজ ব্যাপকভাবে করা হয়। হোসেনি দালানে ভেতরের ও বাইরের অঙ্গসজ্জা ও সংস্কারে ফুটে উঠেছে ইরানের ঐতিহ্যবাহী স্থাপনাশৈলী রূপ। সৌন্দর্যবর্ধনের এ কাজ করেছে ঢাকার ইরানি দূতাবাস। জানা যায়, ইরান সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এতে ইরানের স্থপতিবিদ ও শিল্পীরা অংশ নেন। সাত মাস ধরে এ কাজ চলে।


দালানের অভ্যন্তরভাগ

সংস্কারের আগে ভেতরে রং-বেরঙের নকশা করা কাচের মাধ্যমে যে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছিল, তা পরিবর্তন করে বিভিন্ন আয়াত ও মুদ্রা লিখিত নীল রঙের টাইলস লাগানো হয়েছে। একইভাবে এর পূর্বদিকের ফটকে এবং উত্তর দিকের চৌকোনা থামগুলোয় আয়াত ও সুরা লিখিত নীল রঙের টাইলস লাগানো হয়েছে। টাইলসগুলো ইরান থেকে আমদানি করা এবং এতে ফুটিয়ে তোলা হয়েছে ইরানের ধর্মীয় শিল্পকলা ক্যালিগ্রাফি। ইরানের বেশ কিছু ধর্মীয় স্থাপনায় এ ধরনের টাইলস রয়েছে বলে জানা যায়। সংশ্লিষ্টরা জানান, ইরানের ধর্মীয় স্থাপনার বাহ্যিক রূপ ও নান্দনিকতা এ সংস্কারকাজের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।

বিশেষকরে আরবি ক্যালিগ্রাফি কুরআনের আয়াত,সুরা, রাসুল, আহলে বায়তের নাম ইরানি সুলুস লিপিতে করা হয়েছে।


ক্যালিগ্রাফি করছেন শিল্পী মোহাম্মদ আবদুর রহীম

মূল ইমারতের ভেতরে ছাদের চারপাশে কাচের নকশা লাগানো হয়েছিল কিন্তু তা খসে পড়ে। সেখানে সুলুস লিপিতে উৎকীর্ণ সুরা আল রাহমান করা হয়। বাংলাদেশের বর্তমান বিখ্যাত ক্যালিগ্রাফি শিল্পী মোহাম্মদ আবদুর রহীম এ ক্যালিগ্রাফিটি করে দেন। কালো ব্যাক গ্রাউন্ডের ওপর সোনালী রংয়ের লেখা খুবই আকর্ষণীয় এবং মনোহর।

ছবি-নেট থেকে